তিহাড়ের পথে ‘ককরোচ’ প্রধান! দিল্লি পুলিশের জালে অভিজিৎ দিপকে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ – এবেলা

এবেলা ডেস্কঃ
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রধান অভিজিৎ দিপকে-কে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শুক্রবার দিনভর আটকে রাখার পর শনিবার ভোরে তাঁর গ্রেফতারির কথা জানানো হয়। এদিনই তাঁকে দিল্লির বিশেষ এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করা হবে। শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে সংগঠনের দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়েছিল, বর্তমানে তাঁরা তিহাড় জেলে বন্দি রয়েছেন।
শুক্রবার কনট প্লেসে সিজেপির ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় দিপকে-কে আটক করা হয়। সংগঠনের আইনি দলের প্রধান রত্না সিংহ আইনজীবীদের দেখা করতে না দেওয়ার অভিযোগ তুললেও পুলিশের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা ও শান্তি বজায় রাখতেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, সিজেপির যন্তর মন্তর অভিযান ঘিরে অতীতেও একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
