তৃণমূলকে উপড়ে ফেলার হুঙ্কার দিয়ে প্রচারে আরজি করের নির্যাতিতার মা – এবেলা
এবেলা ডেস্কঃ
জলহাটির রণাঙ্গনে এবার আরজি করের নির্যাতিতার মা। বৃহস্পতিবার বিজেপির প্রার্থী হিসেবে প্রচার শুরু করেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন তিনি। বিধাননগরে দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বার্তা, “রাজ্যবাসী পাশে থাকলে তৃণমূলকে মূলসহ উপড়ে ফেলতে পারব।”
এদিন প্রচারে নেমে রাজ্যে নারী নিরাপত্তা ও দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নাম না করে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, নারী সুরক্ষা দিতে ব্যর্থ এই সরকার উল্টে মেয়েদের রাত দখল বা নাইট ডিউটি নিয়ে প্রশ্ন তোলে। জলহাটির ‘থ্রেট কালচার’ বন্ধ করতে সাধারণ মানুষকে ভয়হীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিপক্ষ হিসেবে বাম প্রার্থী কলতান দাশগুপ্ত থাকলেও তাঁর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে রাজি হননি নির্যাতিতার মা। কলতানকে ‘ছেলের মতো’ সম্বোধন করে তিনি জানান, লড়াইটা ব্যক্তিকেন্দ্রিক নয় বরং দুর্নীতির বিরুদ্ধে। বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তাঁর বাড়িতে যাওয়ার কথা রয়েছে। মন্দিরে পুজো দিয়ে এবং দেওয়াল লিখনের মাধ্যমেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন আরজি করের সেই বিচারকামী মা।

