“তৃণমূলে থেকে কাজ হচ্ছিল না”, চুঁচুড়ায় বিজেপির পুজোয় গিয়ে বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চা লেগে রয়েছে। তবে এবার সরাসরি নিজের পুরনো দলের বিরুদ্ধে তোপ দেগে আলোচনার কেন্দ্রে চলে এলেন হুগলির জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ।
শুক্রবার চুঁচুড়ায় বিজেপি বিধায়ক সুবীর নাগের ‘ভারতমাতা’ পুজোয় উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক অবস্থান ও দলবদল নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন তিনি।
রচনা জানান, সাংসদ হিসেবে তাঁর মেয়াদ এখনও প্রায় তিন বছর বাকি রয়েছে এবং তিনি কোনও নির্দিষ্ট দলীয় গণ্ডি বা রঙের রাজনীতিতে বিশ্বাসী নন; সাধারণ মানুষের উন্নয়নের জন্যই তিনি কাজ করতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেও তিনি অভিযোগ করেন, তৃণমূলে থাকার সময় কাজ করার উপযুক্ত পরিবেশ পাচ্ছিলেন না। তিনি জানান, ‘কেন্দ্র টাকা দিচ্ছে না’—এই অজুহাতে তহবিলের অভাবের কথা বলা হতো। ফলে বলাগড়ের গঙ্গা ভাঙন রোধ থেকে শুরু করে রেলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছিল।
সবচেয়ে জল্পনা তৈরি করেছে রচনার অন্য একটি বক্তব্য। তিনি ইঙ্গিত দেন যে, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার বা বিকল্প রাজনৈতিক ক্ষমতার প্রয়োজনীয়তা ছিল, না হলে সার্বিক উন্নয়ন সম্ভব হতো না। রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হলে তিনি যে তৃণমূলেই থেকে যেতেন, সে কথাও স্বীকার করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় তৃণমূলের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত রচনা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। দলীয় সমীকরণ পরিবর্তনের এই আবহে তাঁর এহেন প্রতিক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
