তৃণমূলে যোগ দিয়েই বাজিমাত কয়েক ঘণ্টার ব্যবধানে প্রার্থী তালিকায় শিবশংকর পাল – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলার প্রাক্তন পেসার শিবশংকর পালের রাজনৈতিক ইনিংস শুরু হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার সকালে তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম স্থান পেয়েছে। রাজনীতির ময়দানে পা রাখতেই এমন ‘রকেট গতিতে’ উত্থান ও টিকিট প্রাপ্তি নিয়ে রাজনৈতিক মহলে ইতিবাচক ও নেতিবাচক—উভয় প্রকার চর্চাই এখন তুঙ্গে।
শিবশংকরের এই ঝটিকা ভাগ্যোদয় নিয়ে বিরোধী শিবির সরব হয়েছে। বিজেপির দাবি, দলের পুরনো ও অভিজ্ঞ কর্মীদের বঞ্চিত করে একজন নবাগতকে তড়িঘড়ি প্রার্থী করা কোনো স্বাভাবিক ঘটনা নয়। গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, এই দ্রুত সিদ্ধান্তের নেপথ্যে কি আগে থেকেই কোনো বিশেষ সমঝোতা বা ‘ডিল’ চূড়ান্ত হয়েছিল? তাঁদের মতে, তৃণমূল এখন জনপ্রিয় মুখ ধার করে ভোট বৈতরণী পার হতে চাইছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, গ্ল্যামার ও নির্দিষ্ট ভোটব্যাংককে লক্ষ্য করেই প্রাক্তন এই ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, কোনো গোপন সমীকরণ ছাড়া কয়েক ঘণ্টার মধ্যে এই ধরণের নাটকীয় পরিবর্তন আসাম্ভব। মাঠের উইকেটের বদলে রাজনীতির পিচে নেমে শিবশংকর এই ‘সুযোগসন্ধানী’ তকমা ঘুচিয়ে কতটা সফল হবেন এবং জনমনে ওঠা প্রশ্নের কী উত্তর দেবেন, এখন সেটাই দেখার বিষয়।

