লেটেস্ট নিউজ

তৃণমূলের নির্বাচনী ইস্তেহার ‘প্রতিজ্ঞা’: দুয়ারে চিকিৎসা ও ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘প্রতিজ্ঞা’ শিরোনামে ১০ দফার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্তেহারে সাধারণ মানুষের জন্য ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প চালুর অঙ্গীকার করা হয়েছে। এর অধীনে রাজ্যের প্রতিটি ব্লক ও শহরে প্রতি বছর বিশেষ স্বাস্থ্য শিবির আয়োজনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘বাংলার শিক্ষায়তন’ প্রকল্পের ঘোষণা করেছে তৃণমূল। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পরিকাঠামো সামগ্রিকভাবে উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, রাজ্যে শিল্প ও পরিকাঠামোর বিকাশে ১০ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা জানানো হয়েছে ইস্তেহারে। কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়নকে দলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।

প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে রাজ্যে নতুন ৭টি জেলা গঠনের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার মতো জনকল্যাণমুখী প্রকল্পগুলোর পরিধি আরও বিস্তারের অঙ্গীকার করা হয়েছে। তৃণমূল নেত্রীর দাবি, চতুর্থবার ক্ষমতায় ফিরলে এই ‘প্রতিজ্ঞা’ পত্রের প্রতিটি প্রতিশ্রুতি পালন করা হবে। সামাজিক সুরক্ষা ও পরিকাঠামোগত উন্নয়নকে হাতিয়ার করেই আসন্ন ‘ছাব্বিশের যুদ্ধে’ জয়লাভ করতে মরিয়া ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *