তৃণমূলের বর্জিত ‘পচা মাল’ বিজেপির প্রার্থী, তালডাংরায় প্রচারে এসে তীব্র আক্রমণ অভিষেকের

তৃণমূলের বর্জিত ‘পচা মাল’ বিজেপির প্রার্থী, তালডাংরায় প্রচারে এসে তীব্র আক্রমণ অভিষেকের

উপনির্বাচনের রণকৌশল সাজাতে বাঁকুড়ার তালডাংরায় দলীয় প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে এক জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী সৌভিক পাত্রকে লক্ষ্য করে তিনি মন্তব্য করেন, তৃণমূল যে সব ‘পচা মাল’ বা আবর্জনা ত্যাগ করে, বিজেপি তাদেরই সাদরে গ্রহণ করে মাথার ওপর বসায়। একদা তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা থাকা সৌভিককে দল কেন বহিষ্কার করেছিল, সেই প্রসঙ্গ টেনে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সিমলাপাল থানায় একাধিক এফআইআর নথিভুক্ত রয়েছে। ভাঙচুর থেকে শুরু করে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি তাঁকে প্রার্থী করেছে। জনসভা থেকে অভিষেক বলেন, “আমরা যাঁদের বর্জন করি, বিজেপি তাঁদেরই বড় পদে বসায়। একদিকে সজ্জন শিক্ষক ফাল্গুনি সিংহবাবু আর অন্যদিকে অভিযুক্ত এক ব্যক্তি— লড়াইটা এখন স্পষ্ট।” গত পাঁচ বছর ধরে বিজেপি বাংলার মানুষের হকের টাকা আটকে রেখেছে বলেও তোপ দাগেন তিনি।

এদিন তালডাংরার মানুষের জন্য বিশেষ প্রতিশ্রুতিও দেন তৃণমূলের সেনাপতি। তিনি আশ্বাস দেন, শিলাবতী নদীর ওপর ব্রিজ এবং এলাকায় সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে। একইসঙ্গে দলের হয়ে আত্মবিশ্বাসী সুর চড়িয়ে তিনি জানান, ফাল্গুনি সিংহবাবুর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও মানুষের পাশে থাকার মানসিকতাই তাঁকে জয়ী করবে। গত লোকসভা নির্বাচনে যে চারটি ব্লকে তৃণমূল সামান্য পিছিয়ে ছিল, সেখানে এবার বড় ব্যবধানে লিড পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *