লেটেস্ট নিউজ

থাকছে ৩৩ প্রশ্ন, ২০২৭ সালের জনগণনা নিয়ে জারি হল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে ২০২৭ সালের জনগণনা প্রক্রিয়ার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংশ্লিষ্ট কর্মসূচির প্রথম ধাপ ‘দ্য হাউজ লিস্টিং অপারেশন’-এর জন্য সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোট ৩৩টি বিষয়ের ওপর প্রশ্ন রাখা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলা প্রথম পর্যায়ের এই সমীক্ষায় প্রতিটি পরিবারের বাড়ি ও মালিকানাধীন সম্পত্তির বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন আধিকারিকরা। এর মধ্যে বাড়ির অবস্থা, শৌচালয়, জল সরবরাহ, ইন্টারনেট সংযোগ এবং যানবাহনের সংখ্যা সংক্রান্ত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি গৃহকর্তা বা কর্ত্রীর মোবাইল নম্বরও নথিভুক্ত করা হবে।

জনগণনার এই বিশাল কর্মযজ্ঞটি মোট দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে বাড়ির তালিকার পাশাপাশি জীবনযাত্রার প্রাথমিক সুযোগ-সুবিধাগুলো খতিয়ে দেখা হবে। এরপর ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এই ধাপে মূলত জনগণের আর্থ-সামাজিক অবস্থা ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সংক্রান্ত তথ্য সংগ্রহে জোর দেওয়া হবে। সরকারি এই নির্দেশিকা প্রকাশের ফলে দেশজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *