‘থ্রেট কালচার’-এর মাস্টারমাইন্ড অভীক দে-র বিরুদ্ধে নতুন তদন্ত কমিটি, বাড়তে পারে বিপদ! – এবেলা

‘থ্রেট কালচার’-এর মাস্টারমাইন্ড অভীক দে-র বিরুদ্ধে নতুন তদন্ত কমিটি, বাড়তে পারে বিপদ! – এবেলা

এবেলা ডেস্কঃ

আর জি কর হাসপাতালের নৃশংস ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকা এবং রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচার’ চালানোর অভিযোগে অভিযুক্ত চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে নতুন তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। ডা. পার্থ প্রতিম প্রধান, ডা. মানস কুমার বন্দ্যোপাধ‌্যায়, ডা. সোমনাথ দাস এবং ডা. কৌশিক মিত্রকে নিয়ে গঠিত ৪ সদস্যের এই কমিটি মূলত অভীক দে-র স্নাতকোত্তরে (PG) ভর্তির ক্ষেত্রে সার্ভিস কোটার অনৈতিক ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখবে।

স্বাস্থ্য দপ্তরের ভিজিলে্যান্স শাখার নির্দেশে এই নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন আরএমও (RMO) অভীক দে-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে একচেটিয়া প্রভাব খাটানো ও ‘দাদাগিরি’ চালানোর অভিযোগ রয়েছে। আর জি কর কাণ্ডের পর তিনি সাময়িকভাবে বরখাস্ত (Suspended) হন। ঘটনার দিন আর জি করে তাঁর বিতর্কিত উপস্থিতি নিয়েও একাধিক প্রশ্ন ওঠে।

সম্প্রতি নিজের বিরুদ্ধে চলা বিভাগীয় তদন্ত বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভীক দে। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সেই আবেদন খারিজ করে দেওয়ায় তাঁর আইনি স্বস্তি মেলেনি। এবার স্বাস্থ্য দপ্তরের এই নতুন তদন্ত কমিটির পদক্ষেপে চিকিৎসক অভীক দে-র আইনি ও প্রশাসনিক বিপদ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *