দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের ‘সবচেয়ে নির্বোধ দল’, তোপ মাইকেল ভনের – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরে দক্ষিণ আফ্রিকার বিদায়ের পর প্রোটিয়াদের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে নয় উইকেটে হেরে আইডেন মার্করামের দলের স্বপ্নভঙ্গ হয়। টুর্নামেন্টে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠলেও নক-আউট পর্বে প্রোটিয়াদের এমন হতশ্রী পারফরম্যান্সে ক্ষোভ প্রকাশ করেছেন এই ক্রিকেট বিশেষজ্ঞ।
একটি পডকাস্টে ভন দক্ষিণ আফ্রিকাকে টুর্নামেন্টের ‘সবচেয়ে নির্বোধ দল’ বলে আখ্যা দেন। তাঁর দাবি, সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে না দিত, তবে ভারত টুর্নামেন্ট থেকেই ছিটকে যেত। প্রোটিয়াদের সেই জয়ের ফলেই ভারত ছন্দে ফেরার সুযোগ পায় এবং শেষ পর্যন্ত খেতাব ধরে রাখতে সক্ষম হয়।
ভারত এবার প্রথম দল হিসেবে টানা দু’বার এবং মোট তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে। ঘরের মাঠে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘মেন ইন ব্লু’। ভন মনে করেন, দক্ষিণ আফ্রিকার কৌশলগত ভুলের কারণেই ভারত এই আধিপত্য বিস্তারের সুযোগ পেয়েছে, যা শেষ পর্যন্ত প্রোটিয়াদের খালি হাতে বিদায় নিশ্চিত করেছে।

