দলে দলে যোগ দিচ্ছে তৃণমূল! মুখ বুজে নেতারাই মানছেন চরম সত্যিটা? – এবেলা

এবেলা ডেস্কঃ
মেদিনীপুর ও খড়্গপুর রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। ভোটের ফল প্রকাশের মাত্র তিন মাসের মধ্যেই দল প্রসারে ‘ভালো তৃণমূল’ তত্ত্ব সামনে এনেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সুকৌশলে তাদের দলে টানার পাশাপাশি বেছে বেছে রেহাই দেওয়া হচ্ছে বিভিন্ন মামলার হাত থেকেও। খড়্গপুর পুরসভার কাউন্সিলার তথা জেলা বিজেপির সহ-সভাপতি অভিষেক আগরওয়াল জানিয়েছেন, দলের শৃঙ্খলার খাতিরে এবং দেশের স্বার্থে শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্ত তাঁদের মেনে নিতে হচ্ছে। যদিও এই পরিস্থিতিতে ক্ষোভ ও আক্ষেপ লুকিয়ে রাখতে পারছেন না বহু নিষ্ঠাবান কর্মী।
বিরোধী কংগ্রেস ও সিপিএম এই অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ করেছে। সিপিএম জেলা সম্পাদক বিজয় পালের দাবি, এই দুই দলের মধ্যে কোনো তফাত নেই। অন্যদিকে, অতীতে তৃণমূল সাংসদ জুন মালিয়ার বিরুদ্ধে সুর চড়ালেও এখন এনডিএ শিবিরের বিভিন্ন বৈঠকে তাঁর উপস্থিতি এবং শীর্ষ নেতাদের সঙ্গে হাসিমুখে ছবি ভাইরাল হওয়া নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। দলের কর্মীরা মুখ বন্ধ রাখতে বাধ্য হলেও, এই রাজনৈতিক পটপরিবর্তন রাজ্য রাজনীতিতে বড়ো আলোচনার জন্ম দিয়েছে।
