দাঁড়াশ ভেবে ঘরে ঢুকে পড়া ভয়ংকর কালাচকে দুধ-কলা দিয়ে পুজো! জানাজানি হতেই তোলপাড় রাজ্য জুড়ে – এবেলা

এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘটে গিয়েছে এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ঘটনা। মাগুরমারি গ্রামের বাসিন্দা কৃষ্ণগোপাল সরকারের বাড়িতে মঙ্গলবার রাতে একটি সাপ ঢুকে পড়ে। ঘরের ভেতর সরীসৃপটিকে দেখতে পেয়ে নির্বিষ দাঁড়াশ ভেবে ভুল করেন গৃহকর্তা। সাপটিকে মনসা দেবীর আশীর্বাদ মনে করে রীতিমতো দুধ, কলা ও ফুল দিয়ে পুজো করেন তিনি এবং সেই ঘরেই কাটিয়ে দেন সারারাত। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরদিন সকালে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় এক সর্পপ্রেমী যুবককে। তিনি ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অত্যন্ত বিষাক্ত কালাচ হিসেবে শনাক্ত করেন এবং পরিবারের লোকজনকে গোটা বিষয়টি বুঝিয়ে বলেন। একথা শোনার পর থেকেই তটস্থ হয়ে পড়েন গৃহকর্তা। দ্রুত পেশাদার উপায়ে সাপটিকে উদ্ধার করা হয় এবং বনদপ্তরের সহযোগিতায় সেটিকে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
