দাদুর জন্মদিনেই নাতনির আগমন, কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড অভিনেতা রণদীপ হুডা ও লিন লাইশরামের সংসারে এল নতুন অতিথি। বিয়ের তিন বছরের মাথায় কন্যাসন্তানের জন্ম দিলেন লিন। কাকতালীয়ভাবে, আজ রণদীপের বাবার জন্মদিন, আর সেই বিশেষ দিনেই পৃথিবীর আলো দেখল তাঁর নাতনি। ফলে হুডা পরিবারে এখন দ্বিগুণ উৎসবের মেজাজ।
মঙ্গলবার সকালে লিনকে হাসপাতালে ভর্তি করার একটি ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেতা। তখন থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। দুপুর গড়াতেই সেই জল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি দিলেন রণদীপ নিজেই। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে অভিনেতা জানান, লিন ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
রণদীপ তাঁর বার্তায় লিখেছেন, “দাদু আর নাতনিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ আমি বাবা হওয়ার পর বাবার প্রতি আমার কৃতজ্ঞতা আরও বেড়ে গেল। আর লিন, আমাকে বাবা করার জন্য এবং আমাদের ছোট্ট মেয়েটিকে এই পৃথিবীতে আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।”
২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ঐতিহ্যবাহী মেইতেই প্রথায় বিয়ে সেরেছিলেন রণদীপ ও লিন। নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপে কাজ করার সময় তাঁদের প্রথম পরিচয় হয়েছিল। দীর্ঘদিনের বন্ধুত্ব ও প্রেমের পর তাঁরা সংসার শুরু করেন। সোমবারই স্নিগ্ধ মেটারনিটি ফটোশুটের ছবি প্রকাশ্যে এনেছিলেন এই তারকা দম্পতি। আজ সেই খুশির খবরে ভাসছে গোটা বলিউড।

