দিল্লি বিমানবন্দরে জরুরি অবস্থা: মাঝআকাশে ইঞ্জিন বিকল হয়ে বিপাকে ১৬১ যাত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার সকালে বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লি বিমানবন্দরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। মাঝআকাশে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে তড়িঘড়ি বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় রানওয়েতে দমকল বাহিনী ও উদ্ধারকারী দলকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছিল।
বিপর্যয় মোকাবিলায় বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে ‘হাই অ্যালার্ট’ জারি করে সমস্ত উড়ান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়। ১৬১ জন যাত্রী নিয়ে আসা বিমানটিকে নিরাপদে অবতরণ করানোর জন্য সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করে কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির খবর পাওয়ামাত্রই ফায়ার টেন্ডারসহ অন্যান্য জরুরি বিভাগগুলোকে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
অবশেষে সকাল ১০টা ৫৩ মিনিটে বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদেই জরুরি অবতরণ করতে সক্ষম হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানে থাকা সমস্ত যাত্রী ও কর্মীরা সুরক্ষিত আছেন। উল্লেখ্য, বোয়িং ৭৩৭ বিমানের সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠলেও, আজকের এই তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা।

