দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল – এবেলা
এবেলা ডেস্কঃ
কংগ্রেসের প্রবীণ নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বিকেলে ফুসফুসজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসক ডা. অরূপ বাসুর নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে খবর, ৭৯ বছর বয়সী এই নেত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। অসুস্থতার খবর পেয়েই তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে একই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
দশকের পর দশক কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব সামলানো সোনিয়া গান্ধী জাতীয় রাজনীতির অন্যতম প্রধান মুখ। বর্তমানে তিনি রাজস্থান থেকে সংসদের উচ্চ কক্ষের প্রতিনিধিত্ব করছেন। তাঁর অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়ালেও, চিকিৎসকদের আশ্বাসে স্বস্তিতে রয়েছেন দলের কর্মী-সমর্থকরা।

