লেটেস্ট নিউজ

দিল্লির লালকেল্লায় এনআইএ পরিচয়ে প্রতারণা, জম্মু-কাশ্মীরের নম্বর প্লেট লাগানো গাড়ি ও জাল কার্ডসহ ধৃত ১

দিল্লির লালকেল্লার সামনে একটি সন্দেহভাজন কালো স্যান্ট্রো গাড়িকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জম্মু-কাশ্মীরের নম্বর প্লেট লাগানো গাড়িটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে একটি জাল এনআইএ (NIA) পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তিন মাস আগে লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি উস্কে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাড়িতে থাকা দুই ব্যক্তির পরিচয় জানতে চাইলে মুদাস্সর আহমেদ মীর (৩৬) নিজেকে এনআইএ অফিসার হিসেবে দাবি করেন। সঙ্গী এক কিশোরসহ দুজনেই পুলওয়ামার বাসিন্দা বলে জানান। পুলিশের সন্দেহ হওয়ায় তাঁদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দিল্লি পুলিশ স্পেশাল সেল, এনআইএ এবং আইবি কর্মকর্তারা তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।

তদন্ত শেষে ডিসিপি (উত্তর) রাজা বান্তিয়া জানান, ধৃত মুদাস্সর আসলে একজন প্রতারক। তিনি সাধারণ মানুষকে সরকারি চাকরির টোপ দিয়ে জাল পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণা করতেন। পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার করেছে। নিরাপত্তার খাতিরে ওই সন্দেহভাজন গাড়িটিকেও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *