“দিশাকে চিনিই না, চরিত্র হননের ষড়যন্ত্র!” সিবিআই তদন্তের মুখে বিস্ফোরক আদিত্য ঠাকরে – এবেলা

এবেলা ডেস্কঃ
September 17, 20267:18 am
প্রয়াত দিশা সালিয়ানের রহস্যমৃত্যুর মামলায় সিবিআইয়ের আতশিকাঁচের তলায় নাম আসতেই তীব্র ক্ষোভ উগরে দিলেন শিবসেনা (UBT) নেতা আদিত্য ঠাকরে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত অ্যাখ্যা দিয়ে তিনি সাফ জানান, দিশা সালিয়ানের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা পেশাগত কোনো পরিচয়ই ছিল না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করে উদ্ধব-পুত্র আদিত্য দাবি করেন, “ওঁকে চিনিই না! জীবনে কোনোদিন দেখা পর্যন্ত হয়নি।” তাঁর বক্তব্য, বিগত প্রায় ছ’বছর ধরে কোনো রকম প্রমাণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মর্মান্তিক ঘটনার সঙ্গে তাঁর নাম জড়িয়ে চরিত্রহননের পরিকল্পিত ছক কষা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর দিনকয়েক আগেই বহুতল থেকে পড়ে মৃত্যু হয় তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। সিবিআই সূত্রে জানা গেছে, কেবল আদিত্যই নন, তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও মুম্বই পুলিশের একাংশের ভূমিকা নিয়েও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। অভিযোগ, মূল ঘটনা ধামাচাপা দেওয়া এবং তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল।
বর্তমানে এই হাই-প্রোফাইল তদন্তের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের পদস্থ আধিকারিক সীমা পাহুজা। তদন্ত যত এগোচ্ছে এবং আদিত্য ঠাকরে যেভাবে মুখ খুলেছেন, তাতে দিশা সালিয়ান মৃত্যু রহস্যকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনৈতিক ময়দান যে ফের উত্তপ্ত হয়ে উঠছে, তা বলাই বাহুল্য।
