দুই পর্বে মুক্তি পাচ্ছে রাজামৌলির ‘বারাণসী’, রামনবমীতে বড় পর্দায় মহেশ-প্রিয়াঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বারাণসী’ দুই পর্বে মুক্তি পেতে চলেছে। সম্প্রতি রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিটি দুই অংশে মুক্তি পেয়ে বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। বিশেষ করে দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে হাজার কোটি টাকার ক্লাবে প্রবেশ করায় ইন্ডাস্ট্রিতে এখন দুই পর্বে ছবি মুক্তির নতুন প্রবণতা তৈরি হয়েছে।
বিশাল বাজেটের এই ছবিটির বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করতেই নির্মাতারা এটিকে দুই খণ্ডে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় চলচ্চিত্রের আধুনিক নির্মাণশৈলী ও বড় ক্যানভাসের কথা মাথায় রেখে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রাজামৌলির এই মেগা প্রজেক্টটি নিয়ে ইতিপূর্বেই দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে।
পারিবারিক ড্রামা ও অ্যাকশনে ভরপুর এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণি সুপারস্টার মহেশ বাবু এবং গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের রামনবমীতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই ছবিটির প্রথম পর্ব। চলচ্চিত্র প্রেমীরা এখন থেকেই প্রিয় তারকাদের বড় পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন।

