দুই সন্তানের বেশি নয়! প্রসূতি মৃত্যু রুখতে রাজ্যে কড়া আইনের পথে স্বাস্থ্য দফতর? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে প্রসূতি মৃত্যুর হার কমাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি স্বাস্থ্যভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে স্বামী-স্ত্রীর সংসারে সর্বোচ্চ দুটি সন্তান নেওয়ার বাধ্যবাধকতা নিয়ে নতুন আইন আনার বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা অনুযায়ী, মায়েদের অকালমৃত্যুর নেপথ্যে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় গর্ভধারণ এবং অনিয়ন্ত্রিতভাবে একাধিক সন্তানের জন্ম দেওয়া—এই দুটি মূল কারণ হিসেবে উঠে এসেছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে জানান, সম্প্রতি কিছু জেলায় ১৩ বা ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া নাবালিকা গর্ভধারণের তালিকায় বর্তমানে দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ, যা অত্যন্ত উদ্বেগজনক।
মা ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে দুটি সন্তানের বেশি না নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে স্বাস্থ্য দফতর। দ্বিতীয় সন্তানের জন্মের পরই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে নিখরচায় গর্ভনিরোধক ব্যবস্থা মিলবে। পাশাপাশি রাজ্য সরকারের ১০০ দিন উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী বেশ কিছু নতুন পরিকল্পনার ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে কলকাতায় একটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন, সাধারণ সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক আউটডোর চালু করা এবং বেসরকারি হাসপাতালে গরিব রোগীদের জন্য বিনামূল্যে নির্দিষ্ট বেড সংরক্ষণ বাধ্যতামূলক করা। ইতোমধ্যে এ সংক্রান্ত পরিষেবার মহড়াও সম্পন্ন হয়েছে।
