দুয়ারে রেশন কি তবে এবার বন্ধ? মতামত চাইল খাদ্যদপ্তর! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর তৃণমূল জমানার জনপ্রিয় ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রকল্পটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে এবার রাজ্যের সব বিধায়কদের চিঠি দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। চিঠিতে জানানো হয়েছে, গ্রাহকদের কাছ থেকে নানা অভিযোগ পাওয়ার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। প্রকল্পটি থেকে সাধারণ মানুষ আদতে কতটা উপকৃত হচ্ছেন, তা আগামী সাতদিনের মধ্যে বিধায়কদের লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।
অন্য দিকে, রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের দাবি, নতুন সরকার আসার পর থেকেই দুয়ারে রেশনের জন্য নির্ধারিত অতিরিক্ত কমিশন ও মাসিক আর্থিক সহায়তা বন্ধ রয়েছে। যদিও সরকারিভাবে প্রকল্পটি বাতিলের কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ডিলারদের একাংশের মতে, প্রকল্প বন্ধ করে এই অতিরিক্ত অর্থ সরাসরি কমিশন হিসেবে দেওয়া হলে তাদের আর্থিক সংকট কাটতে পারে। উল্লেখ্য, এই প্রকল্প কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে পূর্বে আদালতে জানিয়েছিল কেন্দ্র।
