দুর্গাপুজোয় রাতের ঠাকুর দেখায় নেই চিন্তার ছায়া! হাওড়া ডিভিশনে ১২টি বিশেষ ট্রেনের মেগা রুট চার্ট দেখে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোয় রাত জেগে ঠাকুর দেখার আনন্দ আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। উৎসবের দিনগুলিতে যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে ১২টি অতিরিক্ত ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তমীর রাত (১৭ অক্টোবর) থেকে শুরু করে অষ্টমী, নবমী ও দশমী (২১ অক্টোবর ভোর পর্যন্ত) রাতভর চলবে এই বিশেষ পরিষেবাগুলি। হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল ও ডানকুনি হয়ে), হাওড়া-ব্যান্ডেল, শেওড়াফুলি-তারকেশ্বর, ব্যান্ডেল-নৈহাটি এবং হাওড়া-চণ্ডনপুর রুটে চলবে ট্রেনগুলি। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি রাতের ট্রেনই পথের সমস্ত স্টেশনে থামবে।
স্পেশাল ট্রেনের পাশাপাশি একাধিক নিয়মিত লোকাল ট্রেনের সময়সূচিতেও গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। ১৭ থেকে ২১ অক্টোবর হাওড়া-বর্ধমান এমইএমইউ রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে অতিরিক্ত বেশ কিছু স্টেশনে থামবে। এছাড়া ব্যান্ডেল-মেমারি লোকালটি বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। পুজো উপলক্ষে ১৮ থেকে ২১ অক্টোবর, ২৫ অক্টোবর (লক্ষ্মীপুজো) এবং ৮ নভেম্বর (কালীপুজো) পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন দুপুর ৩টে পর্যন্ত রবিবারের সূচি মেনে চলবে, এবং এর পর থেকে চালু থাকবে স্বাভাবিক কর্মদিবসের পরিষেবা।
