দুর্গাপুরে পাড়াতুতো ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি উত্তেজিত জনতার
দুর্গাপুরের রাঁচি কলোনি এলাকায় এক নাবালিকা পাড়াতুতো ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর নাবালিকা পুরো ঘটনাটি জানায়। অভিযোগের তির স্থানীয় এক যুবকের দিকে, যে দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মী হিসেবে কর্মরত।
ঘটনাটি জানাজানি হতেই শুক্রবার সকালে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে বাঁশের খুঁটিতে বেঁধে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে অভিযুক্তকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর দাবি, ওই যুবক এর আগেও একাধিক মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করেছে।
পুলিশ এই ঘটনায় ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে আইন হাতে তুলে নিয়ে গণপিটুনির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়াও চলছে। বর্তমানে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্যাতিতা নাবালিকার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে প্রশাসন। অভিযুক্ত সুস্থ হলে তাকে গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

