দুর্গাপুরে মিথেন গ্যাসের তাণ্ডব! খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ঘিরে চরম আতঙ্ক – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুরের অণ্ডালের সিঁদুলি কোলিয়ারিতে বিষাক্ত মিথেন গ্যাস ও জল ঢুকে পড়ার ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। সোমবার সকালে কোলিয়ারির ৩ নম্বর পিট এলাকা থেকে হঠাৎই ধোঁয়া, ঝাঁঝালো গন্ধ ও জল বের হতে শুরু করে। সেই সময় খনির গভীরে আটকে পড়েন দুই খনি শ্রমিক। তৎপরতার সঙ্গে খনি থেকে তাঁদের উদ্ধার করা হলেও উপরে আসার পরই তাঁরা সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোপালের অভিশপ্ত স্মৃতির কথা মনে করিয়ে দেওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে খনি কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ৩ নম্বর পিটের কাছে প্রচুর ধোঁয়া ও গ্যাস বের হতে দেখে এলাকায় হুলুস্থুল পড়ে যায়। খবর পেয়ে কোলিয়ারির এজেন্ট ও ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছান। খনির ভেতরের পাখা বন্ধ করার পর পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষের মধ্যে চরম চাঞ্চল্য ছড়ায়। এদিকে, কোলিয়ারি এজেন্ট পঙ্কজ কুমার বর্মা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই শ্রমিককে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
