লেটেস্ট নিউজ

দুর্যোগে ভেস্তে গেল অভিষেকের জনসভা, বৃষ্টি উপেক্ষা করেই বাহাদুরপুরে উপচে পড়া ভিড় – এবেলা

এবেলা ডেস্কঃ

শনিবার ভগবানগোলার বাহাদুরপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। ভোর থেকেই আকাশ মেঘলা থাকলেও দুপুর গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণের অনুমতি না মেলায় সভাটি বাতিল করতে হয়। তবে প্রিয় নেতার বক্তব্য শুনতে সকাল থেকেই হাজার হাজার কর্মী-সমর্থক সভাস্থলে ভিড় জমিয়েছিলেন এবং বৃষ্টিতে ভিজেই বিকেল পর্যন্ত অপেক্ষা করেন।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, সাংসদ আবু তাহের খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মঞ্চ থেকে বিজেপি সরকারের কড়া সমালোচনা করে অপূর্ব সরকার অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার মানুষের সাংবিধানিক ও ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানান।

সভা বাতিল হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে বারবার পরিস্থিতির খোঁজ নেন এবং জনসমাগম দেখে আসার ঐকান্তিক ইচ্ছা প্রকাশ করেন। আবহাওয়া অনুকূল না থাকায় তিনি আসতে না পারলেও আগামী দিনে এই মাঠেই পুনরায় সভা করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রার্থীর সমর্থনে আসা সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, নেতার দেখা না পেলেও দলের প্রতি তাঁদের আবেগ ও সমর্থন অটুট রয়েছে। শীঘ্রই অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় ভগবানগোলায় আসবেন বলে আশাবাদী স্থানীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *