দূরত্ব কোনো বাধাই নয়! ২০০ কিমি দূরে গিয়ে রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচালেন সাগরদিঘির ৭ যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ
জীবনের তাগিদে দূরত্ব যে কোনো বাধা নয়, তা ফের প্রমাণ করলেন মুর্শিদাবাদের সাগরদিঘির সাত সাহসী যুবক। হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইমামনগর গ্রামের বাসিন্দা মোমেনা বিবি। তাঁর দ্রুত অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন দেখা দিলে এগিয়ে আসেন স্থানীয় যুবকরা। সাগরদিঘির সঞ্জীব দাসের মাধ্যমে খবর পেয়েই আর এক মুহূর্ত দেরি না করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন সবিরুল ইসলাম, মাসুদুল হোদা, মেহেবুব আলম, বাদশা শেখ, কাজল শেখ, বাপি শেখ ও রাজিব শেখরা।
বাস ও ট্রেন বদল করে প্রায় দুইশো কিলোমিটার পথ পেরিয়ে নির্দিষ্ট সময়ে হাসপাতালে পৌঁছন তাঁরা। সেখানে রক্তদান করার পর চিকিৎসকদের তৎপরতায় রোগীর অস্ত্রোপচার সফল হয় এবং বর্তমানে তিনি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছেন। এক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর এই মানবিক উদ্যোগ স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসার ঝড় তুলেছে। যুবকদের এই নিঃস্বার্থ কাজ আবারও প্রমাণ করল যে, সংকটের মুহূর্তে মানবতাই সবথেকে বড় ধর্ম।
