দেড় কোটি টাকায় বিক্রি হলেন স্বামী! সিনেমার গল্পকেও হার মানাল এই অদ্ভুত ঘটনা – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের ভোপালে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, যা বলিউডের ‘জুদাই’ সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। এক সরকারি কর্মীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তি চরমে পৌঁছালে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তবে আদালতের ভেতরে যা ঘটল, তা দেখে বিচারক থেকে শুরু করে আইনজীবী— সকলেই হতবাক।
প্রেমিকার জন্য পরিবার ত্যাগ
৪২ বছর বয়সী এক সরকারি চাকরিজীবী তার চেয়ে ১০ বছরের বড় এক সহকর্মীর প্রেমে পড়েন। এই সম্পর্ক নিয়ে ঘরে অশান্তি শুরু হলে বাবার আচরণের প্রতিবাদে ১৬ বছরের মেয়ে ফ্যামিলি কোর্টের দ্বারস্থ হয়। শুনানির সময় ওই ব্যক্তি সাফ জানিয়ে দেন, তিনি তার প্রেমিকার সাথেই থাকতে চান এবং স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে ইচ্ছুক নন।
স্ত্রীর অকল্পনীয় শর্ত
স্বামীর জেদ দেখে স্ত্রীও দমে যাননি। তিনি বিচ্ছেদের বিনিময়ে এক অদ্ভুত ও বিশাল অঙ্কের শর্ত জুড়ে দেন। তিনি দাবি করেন, তার এবং দুই মেয়ের ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটি ডুপ্লেক্স বাড়ি এবং নগদ ২৭ লক্ষ টাকা দিতে হবে। সব মিলিয়ে এই সেটলমেন্টের অঙ্ক দাঁড়ায় প্রায় ১.৫ কোটি টাকা।
প্রেমিকার ঝটপট সিদ্ধান্ত
স্ত্রীর এই বিশাল অঙ্কের দাবি শুনে যখন সবাই ভেবেছিলেন প্রেমিক যুগল পিছিয়ে যাবেন, তখনই ঘটে আসল টুইস্ট। ওই প্রেমিকা এক মুহূর্ত দেরি না করে দেড় কোটি টাকার সব শর্ত মেনে নেন। তিনি সাফ জানিয়ে দেন, “টাকা নিন আর আমার প্রেমিককে আমার কাছে পাঠিয়ে দিন।” প্রেমিকের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এত বড় অংকের টাকা দিতে রাজি হওয়া দেখে খোদ আদালতও অবাক হয়ে যায়।
বর্তমানে দুই পক্ষই আপোসের মাধ্যমে বিচ্ছেদে রাজি হয়েছে। অর্থের বিনিময়ে স্বামীকে ‘কিনে নেওয়া’র এই ঘটনা এখন ভোপাল জুড়ে টক অফ দ্য টাউন।

