“দেশজুড়ে এক আইন”: ২১টি রাজ্যে ইউসিসি চালুর বড় সময়সীমা বাঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ
September 14, 202612:34 pm
দেশের সমস্ত বিজেপি তথা এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি (Uniform Civil Code) কার্যকর করার বিষয়ে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুম্বইয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এনডিএ পরিচালিত ২১টি রাজ্যে এই আইন পূর্ণাঙ্গভাবে রূপায়ণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রসঙ্গত, উত্তরাখণ্ড দেশের প্রথম রাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ইউসিসি বাস্তবায়ন করেছে এবং সম্প্রতি একটি বিশেষ পোর্টালও চালু করেছে। পাশাপাশি, মহারাষ্ট্র সরকারও খুব শীঘ্রই বিশেষজ্ঞ কমিটি গঠনের মাধ্যমে এই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে।
অভিন্ন দেওয়ানি বিধির মূল লক্ষ্য হলো ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার এবং দত্তক নেওয়ার ক্ষেত্রে একটি একক ও সার্বজনীন আইনি কাঠামো তৈরি করা। এর ফলে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের আলাদা ব্যক্তিগত বা পারিবারিক আইনের পরিবর্তে “এক দেশ, এক আইন” নীতি কার্যকর হবে।
সমর্থকদের মতে, এই আইন চালু হলে সমাজে লিঙ্গসাম্য প্রতিষ্ঠা পাবে এবং সাংবিধানিক অধিকার আরও শক্তিশালী হবে। অন্যদিকে, বিরোধীদের মত, এই পদক্ষেপ দেশের সামাজিক বৈচিত্র্য এবং ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ এবং রাম মন্দির নির্মাণের পর এবার ২০২৯-এর ভোটের আগে এনডিএ রাজ্যগুলিতে ইউসিসি চালুর এই ঘোষণা জাতীয় রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।
