দেশবাসীর অপেক্ষা ফুরোচ্ছে, ২০২৭ সালেই কি ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নে কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন। মুম্বই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের মহারাষ্ট্র অংশে কঠিন ভৌগোলিক পরিবেশ ও পাহাড় পেরিয়ে দিনরাত চলছে পরিকাঠামো নির্মাণের কাজ। থানে ও পালঘর জেলায় বিশাল ভায়াডাক্ট, এলিভেটেড করিডর এবং একাধিক পাহাড়ি সুড়ঙ্গ তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি, উলহাস ও বৈতরণীর মতো বড় বড় নদীর ওপর নির্মিত হচ্ছে বিশালাকার স্টিল সেতু, যা এই মেগা প্রজেক্টের ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক অনন্য নিদর্শন হিসেবে কাজ করবে।
রেল মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন দেশবাসীকে এই হাই-স্পিড ট্রেনের উপহার দিতে পারে কেন্দ্র। সর্বোচ্চ ৩২০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই ট্রেন চালু হলে মুম্বই থেকে আমেদাবাদের দীর্ঘ দূরত্ব পার করতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিট। আগামী ২০২৯ সালের মধ্যে পুরো ৫০০ কিলোমিটার করিডরটি সম্পূর্ণ কার্যকর হবে, যা দেশের বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থায় এক ঐতিহাসিক বিপ্লব আনবে।
