‘দেশবিরোধী স্লোগান বরদাস্ত নয়’, দেওয়াল মোছা শুরু হতেই যাদবপুর ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগের দেওয়ালে ‘দেশবিরোধী’ স্লোগান মোছা এবং চুনকামের কাজ শুরু হতেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। রবিবারে ঘাটালে বিজেপির সাংগঠনিক প্রশিক্ষণ শিবির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, “সবে মোছা শুরু হয়েছে, এর পরে অনেক কিছু হবে।”
সম্প্রতি এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে ওঠার পর থেকেই সরব হয়েছিলেন শুভেন্দু। ‘কিষেণজি রেড স্যালুট’ বা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’র মতো স্লোগান দেওয়ালে থাকা নিয়ে তীব্র আপসের সুর তুলে তিনি পুলিশ প্রশাসন ও সিসিটিভি ড্রোন দিয়ে নজরদারির হুঁশিয়ারি দেন। দেওয়াল মোছার পদক্ষেপকে “বিলম্বিত বোধোদয়” উল্লেখ করে তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগেই ব্যবস্থা নিতে বলা হয়েছিল এবং এতদিন ওঠা অভিযোগ যে সত্য, তা আজ প্রমাণিত।
যাদবপুর বিতর্কের পাশাপাশি এ দিন মিড ডে মিল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। গত কয়েক মাস মিড ডে মিলের টাকা না পাওয়ার অভিযোগ উড়িয়ে তিনি জানান, পোর্টালের সমস্যা মিটে গেছে এবং চার দিন আগেই ফান্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য দিকে, হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য—আইন সকলের জন্যই সমান এবং আইন ভাঙলে ‘ন্যায় সংহিতা’ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
