দেশে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটদের ৩০ শতাংশই বেকার সংসদে চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের উচ্চশিক্ষিত তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে লোকসভায় উদ্বেগজনক পরিসংখ্যান পেশ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে কংগ্রেস সাংসদ এম কে বিষ্ণু প্রসাদের এক লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন, বর্তমানে প্রতি ১০০ জন গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট তরুণ-তরণীর মধ্যে ৩০ জনের বেশি বেকার। ২০২৩-২৪ অর্থবর্ষের এই তথ্য অনুযায়ী, গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার ২৫.৯ শতাংশ এবং পোস্ট গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এই হার দাঁড়িয়েছে ৩২.২ শতাংশে।
সরকারি রিপোর্টে আরও দেখা গেছে, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে বেকারত্বের সমস্যা অনেক বেশি প্রকট। হায়ার সেকেন্ডারি স্তরে শহুরে এলাকায় বেকারত্বের হার ১১.৬ শতাংশ এবং সেকেন্ডারি স্তরে ৭.২ শতাংশ। সামগ্রিকভাবে সেকেন্ডারি এবং তার উচ্চ স্তরের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শহরবাসী তরুণদের মধ্যে ১৯.২ শতাংশই বর্তমানে কোনো নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না।
সংসদে পেশ করা এই পরিসংখ্যান দেশের বর্তমান কর্মসংস্থান পরিস্থিতির এক ধূসর চিত্র তুলে ধরেছে। বিশেষ করে উচ্চশিক্ষার প্রসারের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজের সুযোগ তৈরি না হওয়া বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। সরকারের পক্ষ থেকে দেওয়া এই তথ্য শিক্ষিত যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যা নীতি-নির্ধারকদের জন্য এক বিশেষ উদ্বেগের কারণ হতে পারে।

