দেশের আকাশপথের ভোলবদল: ২৮ হাজার কোটি ব্যয়ে তৈরি হবে ১০০ নতুন বিমানবন্দর – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের আঞ্চলিক বিমান পরিষেবাকে ঢেলে সাজাতে ‘উড়ান ২.০’ প্রকল্পে ২৮,৮৪০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষের মধ্যে বাস্তবায়িত হতে চলা এই প্রকল্পের অধীনে দেশজুড়ে ১০০টি নতুন বিমানবন্দর এবং ২০০টি হেলিপ্যাড তৈরি করা হবে। মূলত দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করাই এই বিশাল বিনিয়োগের প্রধান লক্ষ্য।
পরিকল্পনা অনুযায়ী, আগামী আট বছরে ১২,১৫৯ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তের অব্যবহৃত রানওয়েগুলোকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর করা হবে। এছাড়া পাহাড়ি এলাকা ও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে যাতায়াত এবং জরুরি স্বাস্থ্য পরিষেবা সুগম করতে ৩,৬৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে দেশের আকাশপথে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
পরিষেবা সচল রাখতে ছোট বিমান ও হেলিকপ্টার কেনার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্র। দেশীয় সংস্থা থেকে দু’টি ‘এইচএএল ধ্রুব’ হেলিকপ্টার এবং দু’টি ‘এইচএএল ডর্নিয়ার’ বিমান কেনা হবে। মূলত ‘পবন হংস’ ও ‘অ্যালায়েন্স এয়ার’-এর বহর বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

