‘দেহ দ্রুত সৎকারের জন্য চাপ!’ অভয়ার বাবার FIR-এ এবার কাঠগড়ায় নির্মল-সহ ৩ জন – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ঘটনার দুই বছর পর জলহাটি শ্মশানে দেহ সৎকারের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে খড়দহ থানায় এফআইআর দায়ের করেছেন অভয়ার বাবা। অভিযোগে জলহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং সন্দীপ মুখোপাধ্যায়ের নাম রয়েছে। তাঁর অভিযোগ, সেদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক দ্রুত দেহ দাহ করার চাপ সৃষ্টি করা হয়েছিল এবং পরিবারের ইচ্ছের বিরুদ্ধে বেআইনিভাবে দাহকার্য সম্পন্ন করা হয়।
এই ঘটনার প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে সমগ্র বিষয়টি দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ঘটনার দিন ঠিক কী ঘটেছিল তা জানতে স্বাস্থ্যদপ্তরও একটি পৃথক তদন্ত শুরু করেছে। এর আগে সিবিআই তদন্ত এবং আদালতের রায়ের পর সঞ্জয় রায় যাবজ্জীবন সাজা পেলেও, পরিবারের দাবি এই ঘটনার নেপথ্যে আরও অনেকে জড়িত রয়েছে। নতুন এই আইনি পদক্ষেপে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
