লেটেস্ট নিউজ

দোলযাত্রায় হাওড়া ডিভিশনে ৬৫টি লোকাল বাতিল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

দোলযাত্রা উপলক্ষ্যে যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনা বিচার করে আগামী ৩ মার্চ হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন সকালের দিকে হাওড়া-বর্ধমান (মেন ও কর্ড), হাওড়া-ব্যান্ডেল, তারকেশ্বর, শেওড়াফুলি এবং বর্ধমান-কাটোয়া শাখায় মোট ৬৫টি লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে যাত্রীদের সুবিধার্থে হাওড়া-বর্ধমান মেন লাইনের ৩৭৮১৫ ও ৩৭৮২৪ লোকাল ট্রেন দুটি ওইদিন প্রতিটি স্টেশনে দাঁড়াবে।

পাশাপাশি, ভিড় সামলাতে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড সাধারণ যানবাহনের জন্য বন্ধ রাখা হবে। এই সময়ে এলাকাটি ‘হোল্ডিং এরিয়া’ হিসেবে ব্যবহৃত হবে। স্টেশনে আসা যাত্রীদের ওল্ড ক্যাব রোডের পরিবর্তে বিকল্প হিসেবে নিউ ক্যাব রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাতিল ট্রেনের তালিকায় কর্ড লাইনের ৩৬০৭১, ৩৬৮১৭ এবং মেন লাইনের ৩৭২১৩, ৩৭৮১৯-এর মতো গুরুত্বপূর্ণ লোকালগুলি রয়েছে। অন্যদিকে ব্যান্ডেল-নৈহাটি এবং হাওড়া-শ্রীরামপুর রুটেও বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। উৎসবের দিনে ট্রেন চলাচলের এই পরিবর্তনের ফলে নিত্যযাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা থাকলেও, রেলের দাবি যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *