দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস, মৃত ২৩ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহণ’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার বিকেল সোয়া ৫টা নাগাদ কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা বাসটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে ছিটকে নদীতে তলিয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত মোট ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
দুর্ঘটনার পর জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় প্রায় ৬ ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১১টা নাগাদ বাসটিকে জল থেকে ওপরে তোলা সম্ভব হয়। জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই নিখোঁজ রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিএ-র প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। সাময়িকভাবে স্থগিত থাকা উদ্ধার অভিযান আজ সকাল ৬টা থেকে পুনরায় শুরু করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

