‘দ্বিতীয়বার আসতে হলে কী হবে জানি না!’ পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্কর ঘোষের – এবেলা

‘দ্বিতীয়বার আসতে হলে কী হবে জানি না!’ পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্কর ঘোষের – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ি: এলাকায় জমি ও বালি মাফিয়াদের দাপট এবং পুলিশের নিষ্ক্রিয়তা— এই অভিযোগে সরাসরি পুলিশ ফাঁড়িতে ঢুকে কড়া বার্তা দিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শুক্রবার শিলিগুড়ির আশিঘর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে তিনি পুলিশ আধিকারিকদের সাফ জানিয়ে দিলেন, “ব্যবস্থা নিন। আমাকে যেন দ্বিতীয়বার আসতে না হয়। আসতে হলে কী হবে, তা আমিও জানি না।”

কী অভিযোগ?

বিধানসভার বাজেট অধিবেশন শেষে এলাকায় ফিরে শুক্রবার শঙ্কর ঘোষ ডাবগ্রাম-ফুলবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে বেরোন। আশিঘর এলাকায় পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে তোলাবাজি, গুন্ডামি এবং মাফিয়া রাজ নিয়ে বিস্তর অভিযোগ জানান। বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অসামাজিক কাজকর্ম চললেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে।

পুলিশকে মন্ত্রীর ‘সাবধানবাণী’

ভক্তিগড় থানার অধীনস্থ আশিঘর পুলিশ ফাঁড়িতে ঢুকে মন্ত্রী সরাসরি আধিকারিকদের তলব করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি পুলিশ ভাবে বিগত সরকারের আমলের মতোই কাজ চালাবে, তবে তা হবে না। দুর্নীতি নিয়ে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।” তিনি আরও যোগ করেন, এলাকার সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে, অন্যথায় পরিস্থিতি অন্যরকম হতে পারে।

রাস্তা ও পরিকাঠামো নিয়ে পরিকল্পনা

এলাকা পরিদর্শন শেষে শঙ্কর ঘোষ জানান, বর্ষাকালে রাস্তার কাজ করা কঠিন হলেও, পুজোর আগেই ডাবগ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির কাজ শুরু করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সাথে আলোচনা হয়েছে। সেই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *