লেটেস্ট নিউজ

দ্য হান্ড্রেড নিলাম: সানরাইজার্স লিডসে পাক স্পিনার আবরার আহমেদ – এবেলা

এবেলা ডেস্কঃ

দ্য হান্ড্রেড ২০২৬-এর নিলামে চমক দিল সানরাইজার্স লিডস। ভারতীয় ব্যবসায়ী কালানিথি মারানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি ২.৩৪ কোটি টাকায় পাকিস্তানের লেগ-স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে। লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত এই নিলামে ট্রেন্ট রকেটসের সাথে লড়াই করে আবরারকে নিশ্চিত করেন সিইও কাব্য মারান ও কোচ ড্যানিয়েল ভেট্টোরি। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন এই দলে আবরারের অন্তর্ভুক্তি ক্রিকেট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আবরারকে দলে নেওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে শুভমান গিলকে আউট করার পর আবরারের বিতর্কিত অঙ্গভঙ্গি নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। মাঠ ছাড়ার ইশারা করায় ভারতীয় শিবিরের অসন্তুষ্টির শিকার হওয়া এই ক্রিকেটারকে এখন এক ভারতীয় মালিকানাধীন দলেই খেলতে দেখা যাবে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

ঐতিহাসিক প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০০৮ সালের মুম্বই হামলার পর আইপিএলসহ ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের প্রবেশাধিকার কার্যত বন্ধ ছিল। দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানি ক্রিকেটারের অন্তর্ভুক্তি ঘটল। যদিও ইংল্যান্ড ক্রিকেট মহলের পক্ষ থেকে পাক ক্রিকেটারদের সুযোগ দেওয়ার চাপ ছিল, তবে নিলামে শেষ পর্যন্ত আবরারই মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *