ধর্ষণের ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেল! পুরুলিয়ায় দোষী দুই বন্ধুকে কারাদণ্ডের নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ
পুরুলিয়া: বিশেষ ভাবে সক্ষম এক ১৫ বছরের কিশোরীকে যৌন নির্যাতন এবং সেই ঘটনার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করার অপরাধে দুই যুবককে কারাদণ্ডের সাজা শোনাল আদালত। পুরুলিয়া জেলা ও দায়রা আদালতের দ্বিতীয় কোর্টের বিচারক সোমবার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে প্রধান অভিযুক্ত সহদেব মুখোপাধ্যায়কে ২০ বছর এবং তাঁর সহযোগী হারাধন মুখোপাধ্যায়কে ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১১ নভেম্বর দুপুরে বিশেষ ভাবে সক্ষম ওই কিশোরী তার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিল। সেই সময় সহদেব ও হারাধন তাকে জোর করে পাশের একটি জঙ্গলে টেনে নিয়ে যায়। সেখানে সহদেব কিশোরীকে ধর্ষণ করে এবং তার বন্ধু হারাধন পুরো ঘটনাটি মোবাইলে ভিডিয়ো রেকর্ড করে। এর পর সেই ভিডিয়ো দেখিয়ে কিশোরীকে ব্ল্যাকমেল করা শুরু হয়। কাউকে কিছু জানালে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্তরা।
পরবর্তী সময়ে ভিডিয়োটি ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার প্রায় তিন মাস পর নির্যাতিতার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মামলার সরকারি আইনজীবী আনোয়ার আলি আনসারি জানান, সমস্ত সাক্ষ্যপ্রমাণ ও তথ্যের ওপর ভিত্তি করে আদালত সোমবার দু’জনকেই দোষী সাব্যস্ত করে এই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছে।
