ধুরন্ধর ২-এর পেইড প্রিভিউ শো ঘিরে কলকাতায় চরম বিভ্রাট ও দর্শকদের ক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে ১৮ মার্চ সন্ধ্যায় বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুরন্ধর ২’-এর পেইড প্রিভিউ শো ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ১৯ মার্চ ছবিটির আনুষ্ঠানিক মুক্তির আগে বিশেষ এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বসুশ্রী ও নবীনার মতো নামী সিনেমা হলগুলোতে বিকেলের শো হাউসফুল থাকলেও নির্দিষ্ট সময়ে ছবি শুরু না হওয়ায় দর্শকরা চূড়ান্ত ভোগান্তির শিকার হন।
অভিযোগ উঠেছে যে, নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে সিনেমাটি সংশ্লিষ্ট সিস্টেমে আপলোড করা সম্ভব হয়নি। এর ফলে প্রেক্ষাগৃহে উপস্থিত উত্তেজিত দর্শকরা দীর্ঘক্ষণ টিকিট হাতে অপেক্ষা করতে বাধ্য হন। বছরের অন্যতম বড় এই ছবিটিকে ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা থাকলেও অব্যবস্থাপনার কারণে শুরুতেই বিপত্তি দেখা দেয়।
পরিস্থিতি সামাল দিতে হল কর্তৃপক্ষ শো-এর সময় পিছিয়ে সন্ধ্যা ৬টা করার সিদ্ধান্ত নেয়। তবে এক ঘণ্টার বিলম্ব ও অনিশ্চয়তার কারণে অনেক সিনেপ্রেমীই ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় আধ ঘণ্টা পরও স্ক্রিনে ছবি শুরু না হওয়ায় কলকাতার বিভিন্ন সিনেমা হলের সামনে ভিড় জমানো দর্শকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।

