ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ল্যান্ডফলের আগেই বাংলায় শুরু তাণ্ডব! সতর্ক বার্তা কোন কোন জেলায়? – এবেলা
এবেলা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আগেই শক্তি বাড়িয়ে আরও বিধ্বংসী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বিশাখাপত্তনম ও বাপতলার মধ্যবর্তী এলাকায় ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার বেগ সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও বাংলায় এর সরাসরি প্রভাব পড়ছে না, তবে পরোক্ষ প্রভাবে ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় আবহাওয়া দপ্তরের তরফে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীতে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যবাসীকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
