ধোঁয়া ওঠা নুডলসে কিলবিল করছে পোকা, তুমুল বিতর্কের মুখে নেসলে! – এবেলা

এবেলা ডেস্কঃ
আট থেকে আশি, সবার কাছেই চটজলদি ক্ষুধার সমাধান হিসেবে অত্যন্ত জনপ্রিয় ম্যাগি নুডলস। কিন্তু সেই প্রবল জনপ্রিয় খাবার নিয়েই এবার তৈরি হয়েছে এক বড়সড় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আচমকা খবর ছড়িয়েছে যে, ম্যাগির প্যাকেটে পোকা মিলেছে। এমনকি ম্যাগি উৎপাদনের ক্ষেত্রে ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ‘এফএসএসএআই’ (FSSAI)-এর সুরক্ষানীতি ও গুণগত মান মানা হচ্ছে না বলেও গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক শোরগোল শুরু হতেই বিষয়টি নজর কেড়েছে প্রশাসনের।
আইনি নোটিস ও বড় ধাক্কা শেয়ার বাজারে
জনপ্রিয় এই নুডলসের প্যাকেটে পোকা থাকার অভিযোগ ওঠার পরপরই সক্রিয় হয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সংস্থাটি ইতিমধ্যে ম্যাগির প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে-কে আইনি নোটিস পাঠিয়েছে। এই নোটিসে উত্থাপিত সমস্ত অভিযোগের দ্রুত জবাব তলব করা হয়েছে। এদিকে এই বিতর্কের জেরে ব্যবসা ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেয়েছে নেসলে। শেয়ার বাজারে হুহু করে পড়ে গেছে তাদের গ্রাফ। একদিনেই প্রায় ৩ শতাংশ শেয়ার কমেছে নেসলের, যার ফলে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকেও সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে।
অভিযোগ খণ্ডন করে নেসলের সাফাই
উদ্ভূত পরিস্থিতির জেরে নেসলে ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, খাবারে পোকা থাকার বিষয়টি তারা জোরালোভাবে উড়িয়ে দিচ্ছে। যে সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রথম এই অভিযোগ আনা হয়েছিল, সেই ব্যবহারকারীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে অভিযোগকারী নির্দিষ্ট কোন প্যাকেটে পোকা পেয়েছিলেন, তা সংগ্রহ করে পরীক্ষা করা সম্ভব হয়নি।
তবে উদ্ভূত পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নেসলে তাদের কারখানায় থাকা ম্যাগির একাধিক নমুনা পরীক্ষা করে দেখেছে বলে দাবি করেছে। নেসলে আশ্বস্ত করেছে যে, তারা খাবারের গুণমানের সঙ্গে কখনোই কোনো আপস করে না এবং নিজস্ব পরীক্ষাগারের যাবতীয় রিপোর্ট ইতিমধ্যেই FSSAI-এর কাছে জমা দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে নিশ্চিন্তে ম্যাগি খাওয়ার আশ্বাস দিয়েছে বহুজাতিক এই সংস্থাটি। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালেও ম্যাগি নুডলসে অতিরিক্ত মাত্রায় সীসা থাকার অভিযোগে দেশজুড়ে বড় ধরনের তৈরি হয়েছিল।
