ধোনির ছায়ায় ঢাকা ড্রেসিং রুম, ফ্লেমিংয়ের জুতোয় পা গলাতে ভয় পাচ্ছেন তাবড় কোচেরা! – এবেলা

ধোনির ছায়ায় ঢাকা ড্রেসিং রুম, ফ্লেমিংয়ের জুতোয় পা গলাতে ভয় পাচ্ছেন তাবড় কোচেরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৩ সালের সেই সোনালী ট্রফি জয়ের পর থেকে চেন্নাই সুপার কিংসের গ্রাফ শুধুই নিম্নমুখী। পরপর তিন মরশুম প্লে-অফে পৌঁছাতে না পেরে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের অন্দরে এখন তীব্র আতঙ্কের পরিবেশ। লাগাতার এই ব্যর্থতার জেরে আগামী মরশুমের আগেই দলের খোলনলচে বদলে ফেলতে চাইছে সিএসকে ম্যানেজমেন্ট। আর এই পরিবর্তনের প্রথম কোপ পড়তে চলেছে দলের দীর্ঘদিনের হেড কোচ স্টিফেন ফ্লেমিংয়ের ওপর। তবে ফ্লেমিংকে ছাঁটাই করার সিদ্ধান্ত পাকা হলেও, তাঁর বিকল্প খুঁজে পেতে কালঘাম ছুটছে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের।

নেপথ্যে ধোনি-মহীরুহ ও নিয়ন্ত্রণের লড়াই

মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই চেন্নাইয়ের পারফরম্যান্সে দেখা দিয়েছে চরম ধারাবাহিকতার অভাব। ধোনির পর আর কোনো অবিসংবাদী নেতা তৈরি করতে পারেননি ফ্লেমিং, এমনকি গত কয়েকটি নিলামের কৌশল নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। এই পরিস্থিতিতে কোচ বদল অনিবার্য হলেও ফ্র্যাঞ্চাইজির বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং ধোনি। একাধিক ভারতীয় ও চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটারকে কোচ পদের জন্য প্রস্তাব দেওয়া হলেও, তারা সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। কোচদের স্পষ্ট দাবি, ধোনির মতো মহীরুহ ব্যক্তিত্ব ড্রেসিং রুমে ক্রিকেটার হিসেবে উপস্থিত থাকলে দলের রাশ সম্পূর্ণ নিজের হাতে রাখা আসাম্ভব। ফ্লেমিং-ধোনি রসায়ন দীর্ঘদিনের চেনা সমীকরণ হলেও, নতুন কোনো কোচের পক্ষে সেই চাপ সামলানো কার্যত কঠিন।

বিকল্পের খোঁজে গম্ভীর ও অশ্বিনের অভিনব টোটকা

এই জটিল পরিস্থিতি কাটাতে চেন্নাইয়েরই একদা ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন পরামর্শ দিয়েছেন অন্য কোনো কোচের সন্ধান না করে ধোনিকেই কোচের হটসিটে বসিয়ে দেওয়ার। তবে ধোনি এখনো আইপিএল থেকে ক্রিকেটার হিসেবে অবসর নেননি এবং এই গুরুদায়িত্বে তাঁর সম্মতি মিলবে কিনা, তা নিয়েও বড়সড় সংশয় রয়েছে।

অন্য দিকে, ফ্র্যাঞ্চাইজি মহলে জোর জল্পনা, দলের ভাগ্য ফেরাতে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন মেন্টর তথা বর্তমান ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের কথা ভাবছে সিএসকে ম্যানেজমেন্ট। গম্ভীর যে কঠোর মানসিকতা ও কড়া ব্যক্তিত্বের জন্য পরিচিত, তা দিয়েই চেন্নাইকে পুনরুজ্জীবিত করা সম্ভব বলে মনে করছেন কর্তারা। তবে জাতীয় দলের দায়িত্ব সামলে গম্ভীর কীভাবে চেন্নাইয়ের দায়িত্ব নেবেন, সেই ধোঁয়াশা কাটেনি। ফলে ধোনি-ধাঁধার সমাধান করে চেন্নাই আগামী মরশুমে কার হাত ধরে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *