ধ্বংসস্তূপে কাঁদছে শৈশব! ইজরায়েলি হানায় গৃহহীন ৪ লক্ষ শিশু – এবেলা
এবেলা ডেস্কঃ
লেবাননজুড়ে কেবলই হাহাকার। হিজবুল্লাহর বিরুদ্ধে ইজরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র অভিযানে কার্যত নরককুণ্ডে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ। রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক শাখা ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই যুদ্ধের জেরে বর্তমানে ৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি শিশু ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু।
শিউরে ওঠার মতো তথ্য দিয়ে ইউনিসেফ প্রতিনিধি মার্কোলুইগি করসি জানিয়েছেন, চলতি মার্চ মাসেই প্রাণ হারিয়েছে ১২১ জন শিশু এবং গুরুতর জখম প্রায় ৪০০ জন। দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে সাধারণ মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে তেল আভিভ, যার ফলে দেশের প্রায় ১৪ শতাংশ মানুষ আজ চরম সংকটে।
ঘরছাড়া এই লক্ষ লক্ষ শিশু এখন আশ্রয় নিয়েছে অস্থায়ী তাবু, স্কুল বা খোলা আকাশের নিচে। মিলছে না পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানীয় জল কিংবা নূন্যতম চিকিৎসা পরিষেবা। বেইরুটসহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে হামলা চলছে, তাতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আর্জি জানানো হলেও, আপাতত থামার কোনো লক্ষণ নেই ইজরায়েলি আগ্রাসনের। ভবিষ্যতের কাণ্ডারিদের চোখে এখন শুধুই বাঁচার লড়াই আর অনিশ্চয়তা।

