লেটেস্ট নিউজ

নজরুলের সম্প্রীতির বার্তায় রাজ্যবাসীকে রমজানের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’ উদ্ধৃত করে একটি বিশেষ ভিডিও পোস্ট করেন তিনি। এই বার্তার মাধ্যমে তিনি বাংলার চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ঐতিহ্যকে পুনরায় তুলে ধরেছেন।

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন যে, রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের সৃষ্টি সর্বদা একতা ও সর্বজনীনতার কথা বলে। এই আদর্শকেই শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ এগিয়ে নিয়ে গিয়েছেন। বৃহস্পতিবার কলকাতা পুরসভা আয়োজিত ‘দাওয়াত-এ-ইফতর’ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তিনি। সেখানে সমবেত প্রার্থনা ও একতার এক অনন্য ছবি ফুটে ওঠে।

পরমতসহিষ্ণুতা ও মানবতাই বাংলার আসল পরিচয় বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। তাঁর মতে, রমজান মাস হলো পারস্পরিক বন্ধন নিবিড় করার এবং হাতে হাত রেখে চলার আদর্শ সময়। উৎসবের আবহে বিভেদ ভুলে সকলকে নিয়ে চলাই পশ্চিমবঙ্গের দীর্ঘকালীন সংস্কৃতি, যা এই পবিত্র মাসে আরও একবার প্রমাণিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *