নতুন আধার অ্যাপ: আধার সেন্টারে ছোটাছুটির ঝামেলা শেষ! এখন ঘরে বসেই নতুন অ্যাপে বদলান ছবি ও ঠিকানা, জানুন কীভাবে – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় জনগণকে পরিষেবা দিতে এক বড় পদক্ষেপ নিল ভারতীয় স্বতন্ত্র পরিচয় কর্তৃপক্ষ (UIDAI) এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)। আজ, ২৮ জানুয়ারি লঞ্চ করা হলো নতুন আধার অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ। এই নতুন অ্যাপে এমন অনেক ফিচার যুক্ত করা হয়েছে, যা আগের ‘mAadhaar’ অ্যাপে ছিল না।
কেন্দ্রীয় রেল ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ আজ দুপুর ৩টে নাগাদ এই অ্যাপটি লঞ্চ করেন। UIDAI জানিয়েছে, এই লঞ্চ ইভেন্টটি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
নতুন আধার অ্যাপে কী কী বিশেষ সুবিধা পাবেন?
কয়েক মাস আগে এই অ্যাপটির ট্রায়াল ভার্সন আনা হয়েছিল। এখন গুগল প্লে-স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপের পূর্ণাঙ্গ সংস্করণ ডাউনলোড করা যাবে। পূর্ণাঙ্গ সংস্করণ আসার ফলে ব্যবহারকারীরা উন্নত সব ফিচার পাবেন, যা আধার কার্ড সংক্রান্ত কাজগুলিকে আরও সহজ করে তুলবে।
মোবাইল নম্বর এবং ঠিকানা আপডেট:
এখন থেকে ব্যবহারকারীরা ঘরে বসেই তাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এর জন্য আর আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। অ্যাপের নির্দেশিকা অনুসরণ করে মোবাইল নম্বরের পাশাপাশি ঠিকানা এবং অন্যান্য তথ্যও পরিবর্তন করা সম্ভব।
একাধিক প্রোফাইল যোগ করার সুবিধা:
পুরানো অ্যাপের বায়োমেট্রিক লক এবং ভার্চুয়াল আধার আইডি তৈরির ফিচারের পাশাপাশি নতুন অ্যাপে মাল্টিপল প্রোফাইল যোগ করার সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে একটি অ্যাপ থেকেই পরিবারের একাধিক সদস্যের আধার প্রোফাইল পরিচালনা করা যাবে।
অফলাইন ডিজিটাল ভেরিফিকেশন:
এই অ্যাপের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো অফলাইন ডিজিটাল ভেরিফিকেশনকে উৎসাহিত করা এবং আধার কার্ডের ফটোকপি ব্যবহারের প্রবণতা কমানো। UIDAI-এর সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন, এই নতুন প্রযুক্তি সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থার জন্য পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে আরও নিরাপদ, সুবিধাজনক এবং গোপনীয় করে তুলবে।
ডিজিটাল পরিচয় এবং নিরাপত্তার ক্ষেত্রে এটি UIDAI-এর একটি বড় মাইলফলক। এখন থেকে ব্যবহারকারীরা কোনো ঝক্কি ছাড়াই ঘরে বসে ডিজিটাল ভেরিফিকেশন ও তথ্য আপডেটের সুবিধা পাবেন।

