নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র: নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশন! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের রান্নার গ্যাস ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তনের ডাক দিল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, যেসব এলাকায় পিএনজি বা পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের সুবিধা পৌঁছেছে, সেখানে এই সংযোগ নেওয়া এখন থেকে বাধ্যতামূলক। নির্দেশ জারির তিন মাসের মধ্যে পিএনজি সংযোগ না নিলে সংশ্লিষ্ট গ্রাহকের এলপিজি সিলিন্ডার সরবরাহ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বজুড়ে এলপিজি সরবরাহে ঘাটতির কারণেই এই কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। মন্ত্রকের মতে, সিলিন্ডারের তুলনায় পাইপলাইনের গ্যাস অনেক বেশি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী। তবে কারিগরি কারণে কোনো বাড়িতে পিএনজি সংযোগ দেওয়া সম্ভব না হলে এবং সরবরাহকারী সংস্থা এনওসি (NOC) দিলে তবেই এলপিজি পরিষেবা সচল রাখা হবে।
প্রশাসন স্পষ্ট জানিয়েছে, অত্যাবশ্যকীয় পণ্য আইনের আওতায় এই নিয়ম কার্যকর করে দেশজুড়ে গ্যাস পাইপলাইনের নেটওয়ার্ক দ্রুত ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে সংযোগ না দিলে গ্রাহক যেমন পরিষেবা হারাবেন, তেমনই কাজ শুরু করতে দেরি করলে সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নিগুলোকেও গুনতে হবে জরিমানা। পেট্রোলিয়াম সচিব নীরজ মিত্তালের মতে, এই পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তা আরও মজবুত করবে।

