নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী গ্রেপ্তার! ‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে রাজপথে গর্জে উঠল হাত শিবির – এবেলা

এবেলা ডেস্কঃ
September 20, 20269:22 am
কলকাতা: নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের আবহেই রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা! কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তারের প্রতিবাদে এবার রাজ্যজুড়ে সরব হলো হাত শিবির। “গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে”—এই অভিযোগে সুর চড়িয়ে শনিবারে দক্ষিণ কলকাতা থেকে পূর্ব বর্ধমান, একাধিক জায়গায় প্রতিবাদ মিছিলে নামলেন দলের প্রবীণ ও তরুণ নেতা-কর্মীরা।
দক্ষিণ কলকাতায় প্রদীপ-মিতাদের মিছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে শহরের রাজপথে একটি প্রতিবাদ মিছিল বের হয়। জেলা সভাপতি মিতা চক্রবর্তীর নেতৃত্বে হওয়া এই মিছিলে সামিল হন প্রাক্তন সাংসদ তথা দলের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য এবং তুলসি মুখার্জি-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মিতা চক্রবর্তী বলেন, “গণতন্ত্রের ওপর আঘাত এলে কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না। দেশে বিরোধীশূন্য রাজনৈতিক পরিবেশ তৈরি করার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে।”
বর্ধমানে থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি কলকাতার পাশাপাশি জেলাতেও ছড়িয়ে পড়ে প্রতিবাদের আঁচ। পূর্ব বর্ধমানের বি সি রোডস্থ জেলা কংগ্রেসের সদর দপ্তর থেকে একটি বিশালাকার মিছিল নিয়ে কংগ্রেস কর্মীরা বর্ধমান থানার সামনে পৌঁছান এবং ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।
জেলা কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দারের নেতৃত্বে চলা এই কর্মসূচিতে তিনি স্পষ্ট ভাষায় জানান, “বিরোধী কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে, তবে মানুষ ভোটের দিন ইভিএমে এর যোগ্য জবাব দেবেন।” বিক্ষোভ প্রদর্শন শেষে কংগ্রেসের পক্ষ থেকে থানায় একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
উপনির্বাচনের মুখে কংগ্রেস প্রার্থীর এই গ্রেপ্তারি এবং তার জবাবে রাজ্যজুড়ে কংগ্রেসের এই আক্রমণাত্মক মনোভাব আগামী দিনে উপনির্বাচনের সমীকরণকে আরও উত্তপ্ত করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
