নবমীর রাতে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, ঘর থেকে মা-ছেলের রহস্যমৃত্যুতে তোলপাড় পান্ডুয়া! – এবেলা
October 22, 2026

এবেলা ডেস্কঃ
হুগলির পান্ডুয়া থানার বৈঁচিগ্রাম পঞ্চায়েতের চৌবাড়া এলাকায় উৎসবের আনন্দ বিষাদে বদলে গেল। নবমীর রাতে ১২ বছরের ছেলে রঞ্জিত মুর্মু বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার করেছিল। দিনমজুর বাবা সোম্বা মুর্মু তা এনেও দেন। রাতে মা ডলি মুর্মু ও ছেলের একসঙ্গে সেই খাবার খাওয়ার কথা ছিল। কিন্তু রাতের দিকে বাড়ি ফিরে সোম্বা স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। এরপর প্রতিবেশীদের সাহায্যে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে মায়ের ঝুলন্ত মৃতদেহ ও বিছানা থেকে ছেলের দেহ উদ্ধার করে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ওই শিশু এবং তার মায়ের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
