‘নাগরিকত্ব কাড়তে নয়, দিতেই CAA!’ নিউটাউনের মঞ্চ থেকে ৩০০ মতুয়াকে সার্টিফিকেট তুলে দিলেন শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং তা প্রদান করার উদ্দেশ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) আনা হয়েছে—শনিবার নিউটাউনের একটি অনুষ্ঠান থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি উত্তর ২৪ পরগনার ৩০০ জন মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের হাতে ভারতের নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন। পাশাপাশি, CAA ইস্যুতে রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য তৎকালীন তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, আগামী দিনে আরও বহু মানুষকে এই শংসাপত্র দেওয়া হবে। সেই সঙ্গে তিনি সকলকে নাগরিকত্বের আবেদনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, মতুয়াদের নাগরিকত্ব প্রদান নিয়ে রাজ্য রাজনীতি দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, বাংলাদেশ থেকে আসা সমস্ত মতুয়া শরণার্থী ভারতের নাগরিকত্ব পাবেন। কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পর সিএএ পাস হলেও করোনা পরিস্থিতির কারণে তা কার্যকর হতে কিছুটা বিলম্ব হয়।
এদিনের মঞ্চ থেকে বিরোধীদের তোপ দেগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল সরকার মতুয়াদের ভুল বুঝিয়েছিল। সিএএ-এর বিরোধিতা করতে গিয়ে রাজপথে মিছিল করা হয়েছিল এবং সেই আন্দোলনের নামে বাস-ট্রেন পুড়িয়ে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনগাঁর সভায় মতুয়াদের যে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে বলে স্পষ্ট দাবি জানান মুখ্যমন্ত্রী।
