‘নামাজ হলে পুজো কেন নয়?’ ছাদে ধর্মীয় আচার নিয়ে কী বলল হাই কোর্ট? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা হাই কোর্টের ছাদে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রাখার দাবি তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সঞ্জয় ঘোষ। তাঁর অভিযোগ, সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার থাকলেও আদালত চত্বরের ছাদে প্রতি শুক্রবার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে প্রার্থনা করার সুযোগ দেওয়া হচ্ছে। এই বৈষম্যের প্রতিবাদ জানিয়ে নিজেকে সনাতন হিন্দু হিসেবে উল্লেখ করে তিনি আদালতের ছাদে ভারত মাতার মন্দির নির্মাণ এবং দুর্গাপুজো আয়োজনের অনুমতি চেয়েছেন। আদালতের দ্বারস্থ হওয়ার আগে তিনি রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি পাঠালেও কোনো সাড়া পাননি।
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। শুনানি চলাকালীন আদালত প্রশ্ন তোলে, হাই কোর্টের ছাদে আদৌ নামাজ বা কোনো ধর্মীয় প্রার্থনা হয় কি না। এই সত্যতা যাচাই করতে আদালতের রেজিস্ট্রারকে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে আগামী ১২ অক্টোবরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলাটি আদৌ জনস্বার্থের নাকি ব্যক্তিগত প্রচারের উদ্দেশ্যে করা, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল প্রধান বিচারপতির বেঞ্চ।
