নারীশিক্ষায় অনীহা, মেয়েদের ঘরবন্দি থাকার পরামর্শ দিয়ে বিতর্কে বিহারের শিক্ষামন্ত্রী

নারীশিক্ষায় অনীহা, মেয়েদের ঘরবন্দি থাকার পরামর্শ দিয়ে বিতর্কে বিহারের শিক্ষামন্ত্রী

কেন্দ্ৰীয় সরকার যেখানে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানে নারীশিক্ষা ও ক্ষমতায়নের ওপর জোর দিচ্ছে, সেখানে ঠিক উল্টো সুর শোনা গেল এনডিএ শাসিত বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির গলায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, মেয়েদের লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই, বরং তাঁদের চার দেওয়ালের মধ্যে থেকে ঘরের কাজে সাহায্য করা উচিত। বিজেপি মন্ত্রীর এই মন্তব্যে দেশজুড়ে তীব্র বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছে।

শিক্ষামন্ত্রীর বিতর্কিত বক্তব্য

বিহার মন্ত্রিসভায় রদবদলের পর সদ্য দায়িত্ব পাওয়া বৈকুণ্ঠপুরের বিজেপি বিধায়ক মিথিলেশ তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান, মেয়েদের বাড়ির বাইরে বেরোনোর বা পড়াশোনার প্রয়োজন নেই। তাঁর মতে, বাড়ির ভেতরে থেকেই পরিবারের সমৃদ্ধিতে অবদান রাখা উচিত তাঁদের। তিনি প্রশ্ন তোলেন, “এত লেখাপড়া করার কী প্রয়োজন? আমাদের ঘরের মেয়েরা আমাদের শক্তি, তাঁদের রাস্তায় নামার দরকার নেই।” নারী শিক্ষার অধিকার নিয়ে পাল্টা প্রশ্ন করা হলে তিনি দায়সারাভাবে জানান, অধিকার এমনিই পাওয়া যাবে।

শিক্ষক থেকে মন্ত্রী, তবুও এমন মানসিকতা

মিথিলেশ তিওয়ারির এই মন্তব্য ঘিরে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। কারণ, রাজনীতিতে আসার আগে তিনি নিজে একজন শিক্ষক ছিলেন এবং অর্থনীতিতে বিএ (অনার্স) ডিগ্রিধারী। এমনকি দীর্ঘ সময় পাটনাতে একটি কোচিং সেন্টারও চালিয়েছেন তিনি। একজন প্রাক্তন শিক্ষকের মুখ থেকে নারী শিক্ষা বিরোধী এমন মন্তব্য আসায় হতবাক শিক্ষানুরাগী মহল।

সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা মন্ত্রীর তীব্র সমালোচনা শুরু করেছেন। অনেকেই মনে করিয়ে দিয়েছেন যে, ভারতীয় সংবিধানের ২১এ নম্বর ধারা অনুযায়ী ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকলের শিক্ষার অধিকার মৌলিক। প্রধানমন্ত্রীর নারী শক্তি বৃদ্ধির বার্তার সঙ্গে মন্ত্রীর এই বক্তব্যের চরম বৈপরীত্য নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, মন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তবে এই মন্তব্য বিহারের এনডিএ সরকারের ভাবমূর্তিকে বড়সড় ধাক্কা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *