নিউ ইয়র্কের রানওয়েতে বিমানের সঙ্গে দমকলের ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, আহত শতাধিক – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউ ইয়র্কের লা গুয়ারদিয়া বিমানবন্দরে অবতরণের সময় এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকলের ট্রাকের জোরালো সংঘর্ষ হয়েছে। রবিবার মাঝরাতে মন্ট্রিল থেকে আসা বিমানটি রানওয়েতে নামার পরপরই এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি সামনে থাকা ট্রাকে ধাক্কা দেয় এবং আগুন ধরে যায়।
এই ঘটনায় বিমানের যাত্রী ও দমকলকর্মীসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের ফলে বিমানের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজে সহায়তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সৌভাগ্যবশত, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নিরাপত্তার স্বার্থে মার্কিন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সাময়িকভাবে লা গুয়ারদিয়া বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। এই অভিমুখে আসা সমস্ত উড়ান বর্তমানে কেনেডি বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়াকে দায়ী করা হলেও কারিগরি কোনো ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

